| আমরা অনেকেই বলি, বই পড়ার সময় পাই না। কাজের চাপ, মনোযোগের অভাব বা স্ক্রিন আসক্তির কারণে বই হাতে নেওয়া হয় না। অথচ দিনে মাত্র ১০ মিনিট বই পড়লে আপনার চিন্তাভাবনা, ভাষার দক্ষতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব পড়তে পারে, যা গবেষণায়ও প্রমাণিত। যেমন- |
| মস্তিষ্কের জন্য বই কতটা গুরত্ত |
| বই শুধু তথ্য দেয় না, মনকেও সতেজ করে। নিউরোসায়েন্স বলে, নিয়মিত বই পড়লে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। স্মৃতিশক্তি, মনোযোগ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন কিছুক্ষণ বই পড়লে আলঝেইমার বা মস্তিষ্কের অন্যান্য রোগের ঝুঁকিও কমে আসে। ইউনিভার্সিটি অব সাসেক্সের এক গবেষণায় দেখা গেছে, মাত্র ৬ মিনিট বই পড়লে ৬৮% পর্যন্ত মানসিক চাপ কমে। অর্থাৎ, বই পড়া শুধু জ্ঞান অর্জন নয়, এটি এক ধরনের থেরাপিও বটে। |
| ভাষা ও চিন্তার বিকাশ ঘটায় |
| নিয়মিত বই পড়ার ফলে আপনার ভাষার ওপর দখল বাড়ে, কথা বলার বা লেখার দক্ষতা উন্নত হয়। ভাষাকে সুন্দরভাবে প্রকাশ করার ক্ষমতা তৈরি হয়। বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন চরিত্রের দুঃখ-সুখ বা সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারি, যা আমাদের নিজেদের জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। |
| পাঠের হিসাব |
| একজন সাধারণ পাঠক মিনিটে প্রায় ২০০-৩০০ শব্দ পড়েন। এই হিসাবে, ১০ মিনিটে আপনি পড়ছেন প্রায় ২৫০০ শব্দ। এক বছরে এই সংখ্যাটা দাঁড়ায় ৯ লাখ শব্দে! একটি বই যদি ৬০-৭০ হাজার শব্দের হয়, তাহলে এই সামান্য ১০ মিনিটের অভ্যাসে আপনি বছরে প্রায় ১০-১২টা বই শেষ করতে পারবেন। এটা কিন্তু একজন সাধারণ পাঠকের তুলনায় অনেক বেশি। |
| ছোট অভ্যাস, বড় পরিবর্তন আনে |
| এটা অনেকটা ছোট একটি ফাটলের মতো, যা প্রথমে চোখে পড়ে না, কিন্তু পরে অনেক বড় পরিবর্তনের সূচনা করে। একটা সময় এই ১০ মিনিটই আপনার প্রতিদিনের রুটিন হয়ে উঠবে, যখন আপনি নিজের সঙ্গে কথা বলতে পারবেন এবং বাইরের কোলাহল থেকে দূরে নিজের ভেতরের কণ্ঠ শুনতে পাবেন। তরুণরা যারা নিজেদের উন্নতি নিয়ে ভাবেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন জানেন না, তাদের জন্য প্রতিদিন ১০ মিনিট বই পড়া হতে পারে সবচেয়ে সহজ এবং কার্যকর পথ। |
| পড়ার সংস্কৃতি, সমাজের মেরুদণ্ড |
| একটি জাতির বই পড়ার অভ্যাস তার চিন্তাভাবনার ধরণ ঠিক করে দেয়। যে সমাজ বই পড়ে না, সেই সমাজ দ্রুত ভুলে যায় নিজের ইতিহাস, ঐতিহ্য এবং মৌলিক প্রশ্নগুলো। তাই ব্যক্তিগতভাবে বই পড়া শুধু জ্ঞান অর্জন নয়, এটি সামাজিক দায়বদ্ধতাও বটে। |
|
| বই পড়া মানে সময় নষ্ট করা নয়, বরং সময়ের সদ্ব্যবহার। প্রতিদিন মাত্র ১০ মিনিটের এই ছোট্ট অভ্যাস একদিন আপনার আত্মবিশ্বাসের এক বড় ভিত্তি তৈরি করতে পারে। প্রশ্ন হলো, আপনি আজ প্রথম পাতাটা খুলবেন তো? |